চির ঘুমে বাংলাদেশের জ্যোতির্বিদ্যা চর্চার প্রাণপুরুষ

১৫ ডিসেম্বর, ২০২০ ১৫:৪৬  
না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের জ্যোতির্বিদ্যা চর্চার প্রাণপুরুষ এফ আর সরকার। হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনের ৮৫তম বছরে মঙ্গলবার ইন্তেকাল করেন তিনি। পারিবারিক সূত্রের তথ্য অনুযায়ী, মিরপুরের নিজের বাসায় হৃদরোগে আক্রান্ত হন এফ আর সরকার। হাসপাতালে নেওয়ার পথে সকাল দশটায় মারা যান তিনি। জীবদ্দশায় প্রথম বাংলাদেশি হিসেবে জিরো গ্র্যাভিটির অভিজ্ঞতা লাভ করেন বাংলাদেশের জ্যোতির্বিদ্যা চর্চার এই প্রাণপুরুষ। ২০১৮ সালে তিনি অর্জন করেন এশিয়া-প্যাসিফিক স্পেস এজেন্সি ফোরাম (Asia-Pacific Regional Space Agency Forum-APRSAF) সম্মাননা। মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। পুরো বাংলাদেশের জন্য রেখে গেছেন মহাকাশ জয়ের স্বপ্ন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি ড. রেজাউর রহমান।